সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রী নিহত

বাঁধ ভেঙে ৫০ গ্রাম প্লাবিত

সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনির বদরতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ সময় উত্তেজিত স্কুল শিক্ষার্থীরা ঘাতক ট্রাকসহ তার ড্রাইভার ও হেলপারকে আটক করে বেদম পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার সকালে পারুলিয়া-আশাশুনি সড়কের বদরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রীর নাম তিথী স্বর্ণকার (১৩)। সে উপজেলার কাটাখালী গ্রামের পরিমল স্বর্ণকারের মেয়ে ও বদরতলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। আটক ট্রাক ড্রাইভার ও হেলপারের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে, তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে তিথী প্রাইভেট পড়ার জন্য বাইসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে তার স্কুলে যাওয়ার সময় পথিমধ্যে পারুলিয়া-আশাশুনি সড়কের বদরতলা নামক স্থানে পৌঁছালে সিমেন্টভর্তি একটি ট্রাক তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় তিথী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। উত্তেজিত শিক্ষার্থীরা এ সময় ট্রাক ড্রাইভার ও হেলপারকে আটক করে বেদম মারপিট করে আশাশুনি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।