জেলা প্রতিবেদকঃ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় ট্রাকচাপায় সাবিত্রী রানী দাস (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সাবিত্রী রানী দাস সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার রাম প্রসাদ দাসের স্ত্রী। তিনি ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা গ্রামের দুর্গা পদ দাসের মেয়ে।
স্থানীয়রা জানান, সাবিত্রী রানী তার বাবার বাড়ি থেকে বের হয়ে ভ্যানে স্বামীর বাড়ি সাতক্ষীরা শহরের রাজার বাগান যাচ্ছিলেন। পথে ভোমরা স্থলবন্দর পার্কিংয়ের তিন নম্বর গেটের কাছে পৌঁছালে একটি বাংলাদেশি ট্রাক (যশোর-ট- ১১-১৭১৫) পেছন দিক থেকে ভ্যানটি ধাক্কা দেয়। এতে সাবিত্রী রানী সড়কের উপর পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ট্রাকটি ফেলে রেখে হেলপার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


