সাতক্ষীরায় মোদির সফরঃ নিরাপত্তার চাদরে ঢাকা গোটা শহর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাতক্ষীরায় আগমনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে গোটা সাতক্ষীরা। আগামী ২৭ মার্চ তিনি হিন্দু সম্প্রদায়ের দেবীর ৫১ শক্তিপীঠের মধ্যে অন্যতম পবিত্র একটি শক্তিপীঠ হিসেবে পরিচিত সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করবেন।

ভারতের প্রধানমন্ত্রীর আগমনে মতুয়া সম্প্রদায়ের তীর্থ স্থান হিসেবে পরিচিত ঈশ্বরীপুর কালীমন্দির সংলগ্ন হিন্দু ও মতুয়া সম্প্রদায়ে চলছে উৎসবের আমেজ।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানিয়েছেন, বাঙ্গালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশ সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন ২৭ মার্চ তিনি হেলিকপ্টার যোগে সাতক্ষীরার শ্যামনগরের রাজা প্রতাপাদিত্যের রাজধানী হিসেবে খ্যাত ধুমঘাট এলাকার ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করবেন। আর সে কারণেই মন্দির এবং সংলগ্ন এলাকা সাজানো হয়েছে নান্দনিক সাজে।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের উপ-সহকারী পরিচালক জিয়াউল ইসলাম জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরা শহর থেকে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‌্যাব-৬ সাতক্ষীরার এএসপি বজলুর রশীদের নেতৃত্বে রাস্তার গুরুপূর্ণ স্থানগুলোতে বিশেষ নিরাপত্তা চেকপোস্ট রোবাস্ট পেট্রোলিং-সহ ও বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সাতক্ষীরা থেকে শ্যামনগর অভিমুখে ৪টি স্থানে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন দাঁড় করিয়ে তল্লাশি করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকেও শ্যামনগর উপজেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা নজরদারি।

বিশ্ববরেণ্য নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বরণ করার অপেক্ষায় শ্যামনগরের মতুয়া ও হিন্দু সম্প্রদায়ের মানুষ। উচ্ছসিত সাতক্ষীরাবাসীও।