সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় মোহনা পাল (৭) নামে প্রথম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের বটতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহনা পাল উপজেলার তেঘরিয়া গ্রামের শংকর পালের মেয়ে।
শ্রীমন্তকাটি সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সাইফুল্লাহ সরদার জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিলো মোহনা পাল। এসময় বটতলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর জখম হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। মোহনার মৃত্যুতে তার সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


