সাবেক এমপি নূর মোহাম্মদ আরেক মামলায় গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জুয়েল হত্যাচেষ্টা মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান গত ৫ অক্টোবর নূর মোহাম্মদকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। এদিন শুনানিকালে নূর মোহাম্মদকে আদালতে হাজির করা হয়।

প্রসিকিউটর হারুন-অর-রশীদ বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে তাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করি। নূর মোহাম্মদের আইনজীবীরা গ্রেফতার না দেখানোর বিষয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন।’

গত ২৭ জুন সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ১ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি।

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৩ আগস্ট তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জুলাই আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন জুয়েল। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে থানায় মামলা করেন তিনি।