কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল বলে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও ও একটি ছবি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করে দাবি করা হচ্ছে, হাজার হাজার আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নেমেছে। তবে ফ্যাক্ট চেকে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি কয়েক বছরের পুরোনো।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গণমাধ্যমে সঙ্গে জাহাঙ্গীর আলমের কথোকপথের ভিডিওটি আওয়ামী লীগের সাম্প্রতিক কোনো কর্মসূচির নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের ১২ জুলাই ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এটি সেই সময়ে ধারণ করা একটি ভিডিও। এছাড়া, একই দাবিতে প্রচারিত ছবিটিও সাম্প্রতিক সময়ের নয়। এই ছবিটি ২০২১ সালের নভেম্বরের।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধান প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় একটি দৈনিকের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১২ জুলাই ‘বিশাল গাড়িবহর নিয়ে ঢাকার সমাবেশে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ওই ভিডিওর একটি অংশের (১ মিনিট ২১ সেকেন্ড থেকে ১ মিনিট ৫২ সেকেন্ড) সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।
এই ভিডিওর সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালের ১২ জুলাই বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী এই সমাবেশে অংশগ্রহণ করেছিলেন।
সুতরাং, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে মাঠে নেমেছেন দাবিতে পুরোনো পৃথক দুটি ঘটনার ভিডিও ও ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।


