সালমানকে তিনজন নায়িকার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম সফল নির্মাতা-অভিনেতা জুটি আলী আব্বাস জাফর ও সালমান খান। সুলতান, টাইগার জিন্দা হ্যায়’র পর ভারত সিনেমায় একসঙ্গে কাজ করতে চলেছেন তারা। আর এ সিনেমায় সালমানকে তিনজন নায়িকার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে।

ইতোমধ্যে ভারত সিনেমায় সালমানের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়া ও দিশা পাটানির নাম ঘোষণা করেছেন নির্মাতারা। অপর নায়িকা হিসেবে থাকবেন ক্যাটরিনা কাইফ। সিনেমায় সালমানকে উঠতি বয়সে দিশার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে। এরপর ক্যাটরিনা ও প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যাবে তাকে। তবে এর মধ্যে প্রিয়াঙ্কার সঙ্গে এ অভিনেতাকে বেশি সময় পর্দায় দেখা যাবে বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

ভারত নির্মিত হচ্ছে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ওড টু মাই ফাদার সিনেমা অবলম্বনে। দক্ষিণ কোরীয় এ সিনেমাটিতে ১৯৫০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত একটি সাধারণ ব্যক্তির জীবনের গল্প তুলে ধরা হয়। ভারত সিনেমাটি প্রযোজনা করছেন অতুল অগ্নিহোত্রী। তিনি জানিয়েছেন, এতে ১৯৪৭ থেকে ২০০০ সাল পর্যন্ত সালমানের চরিত্রটিকে ঘিরে ভারতের বিভিন্ন ঘটনা দেখানো হবে।

সিনেমাটিতে সালমানকে মোট পাঁচটি রূপে দেখা যাবে। এ অভিনেতার লুক প্রসঙ্গে পরিচালক আলী আব্বাস জাফর বলেছিলেন, ‘সিনেমায় তার বয়স ৮ থেকে ৬৮ বছরের মধ্যে। তাই তাকে বিভিন্ন বয়সি ব্যক্তির রূপে দেখা যাবে। এখন আমাদের ভারতীয় ও আন্তর্জাতিক টিম নিয়ে গবেষণা চলছে এটি কৃত্রিম উপায়ে নাকি ভিএফএক্সের মাধ্যমে করব। আমরা এখন এই কাজই করছি।’

চলতি বছর জুনে সিনেমাটির শুটিং শুরু হবে। আগামী বছর ঈদুল ফিতরে এটি মুক্তির কথা রয়েছে।