সালমান খানকে জামিনের জন্য আরো একদিন অপেক্ষায়

বিনোদন ডেস্ক : কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সালমান খানকে জামিনের জন্য আরো একদিন অপেক্ষায় থাকতে হচ্ছে। আজ শুক্রবার তার জামিন শুনানির কথা থাকলেও তা আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। সেশন কোর্টের বিচারক রবীন্দ্র কুমার জোশি রুরাল কোর্ট ও রাজস্থান উচ্চ আদালতে এ মামলার পূর্বের নথিপত্র পর্যালোচনা করার জন্য শুনানির তারিখ পিছিয়েছেন বলে জানা গেছে। নিরাপত্তার কারণে সালমান আজ আদালতে উপস্থিত হননি।

এ মামলায় সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ হাজার রুপি জরিমানা করা হয়েছে। অভিযুক্ত সাইফ আলী খান, সোনালী বেন্দ্রে, টাবু ও নীলম এ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। বৃহস্পতিবার যোধপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেব সিং খাতরি এ রায় প্রদান করেন।

যোধপুর কেন্দ্রীয় কারাগারে কেটেছে সালমানের প্রথম রাত। কারাগারে তাকে ১০৬ নম্বর কয়েদি হিসেবে রাখা হয়েছে। জামিন না পাওয়া পর্যন্ত কারাগারেই থাকবেন সালমান।

১৯৯৮ সালে হিন্দি সিনেমা হাম সাথ সাথ হ্যায়’র শুটিং চলাকালীন যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। পরবর্তী সময়ে এ বিষয়ে মামলাও দায়ের হয়। সিনেমাটিতে সালমান খানের সহশিল্পী সাইফ আলী খান, সোনালী বেন্দ্রে, টাবু ও নীলমকেও এ মামলায় অভিযুক্ত করা হয়।