সিংগাইরে অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি এলাকার করিমের বাড়ি সংলগ্ন  সিংগাইর-চারিগ্রাম সড়কের ব্রিজের নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৬ জুলাই) সকাল ১০ টার দিকে পথচারিরা ব্রিজের  নিচ থেকে দুর্গন্ধ  পায়। এ সময় তারা ব্রিজের নিচে গলিত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশের এসআই শাহজালাল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোঃ রেজাউল হক, থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম পিপিএম।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বলেন, লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত ছাড়া এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।