সিঙ্গাপুরের বাণিজ্যিক নিষেধাজ্ঞা উ. কোরিয়ার ওপর

২০১৬ সালের হিসাব অনুযায়ী উত্তর কোরিয়ার অষ্টম বৃহত্তম বাণিজ্য অংশীদার সিঙ্গাপুর। অবশ্য যা উত্তর কোরিয়ার মোট বাণিজ্যের মাত্র শূন্য দশমিক ২ শতাংশ। দেশটির বেশির ভাগ বাণিজ্য চীনের সঙ্গে। দেশটি পিয়ংইয়ংয়ের সবচেয়ে শক্তিশালী সমর্থকও। যদিও গত আগস্টে উত্তর কোরিয়া থেকে লৌহ, সিসা, কয়লা ও সামুদ্রিক খাবার আমদানি নিষিদ্ধ করে চীন।

উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে সিঙ্গাপুর। গত ৭ নভেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে দেশটির শুল্ক বিভাগ। গতকাল শুক্রবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে দেশটির ওপর কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। দেশ দুটি আশা করছে যে এ নিষেধাজ্ঞার কারণে বাধাগ্রস্ত হবে উত্তর কোরিয়ার পারমাণবিক আগ্রাসী কর্মসূচি। এবার বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিল সিঙ্গাপুর। অবশ্য দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে।

বাণিজ্যে নিষেধাজ্ঞার বিষয়টি ৮ নভেম্বর থেকে কার্যকর হয়েছে এবং নির্দেশ অমান্যকারীর জরিমানা ও শাস্তি স্বরূপ সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে।