সিটি নির্বাচনে ভোটারদের চূড়ান্ত তালিকা এবং ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ সিটি নির্বাচনকে সামনে রেখে ভোটারদের চূড়ান্ত তালিকা এবং ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবারে নির্বাচনে ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন ভোটার ৭৩৫টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগে করবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।

তিনি বলেন, চসিক নির্বাচনে ভোটার সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৭৩৫টি।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নগরকে ৬টি থানাধীন এলাকায় বিভক্ত করা হয়েছে। এর মধ্যে পাঁচলাইশ থানা এলাকায় ৩ লাখ ৪৭ হাজার ৮১১ জন, চান্দগাঁও থানা এলাকায় ৩ লাখ ১২ হাজার ৯১৮ জন, কোতোয়ালী থানা এলাকায় ২ লাখ ৪৬ হাজার ৫৯৮ জন, ডবলমুরিং থানা এলাকায় ৪ লাখ ১৭ হাজার ৫২৬ জন, পাহাড়তলী থানা এলাকায় ২ লাখ ৬১ হাজার ১৯০ জন এবং বন্দর থানা এলাকায় ভোটার রয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৪৬ জন। এবার চসিক নির্বাচনে ৭৩৫ ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ৪ হাজার ৮৮৬টি। এর মধ্যে ৪ হাজার ১৩৬টি স্থায়ী এবং অস্থায়ী ৭৫০টি।

এর আগে গত সোমবার (২ মার্চ) ভোটার দিবসে ভোটাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। হালনাগাদে চট্টগ্রামে ভোটার বেড়েছে ২ লাখ ৮৩ হাজার ৮৩৪ জন। এরমধ্যে নগরীতে বেড়েছে ৮৫ হাজার ৮৪ জন। আর ১৫ উপজেলায় বেড়েছে ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন। চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা এখন ৫৯ লাখ ২১ হাজার ১৯৪ জন।