সিরাজগঞ্জের ফেনসিডিলসহ চার মাদকবিক্রেতাকে আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলার সলঙ্গা ইউনিয়নে বাসে তল্লাশি করে ২৮২ বোতল ফেনসিডিলসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে হাইওয়ে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নাহিদ সুলতান (২৪), শাকিল আহমেদ (২২), তারেক রহমান (২০) ও মিল্টন ইসলাম (১৯)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। পরে দুপুরের দিকে নওগাঁ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় ২৮২ বোতল ফেনসিডিল জব্দসহ ওই চার মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।