সিরাজগঞ্জে মালবাহী ট্রাক খাদে পড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিন পুলিশ সদস্যসহ ৭ জন আহত

সড়ক দুর্ঘটনা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের কামারখন্দে পাবনা জেলা প্রশাসনের মালবাহী ট্রাক খাদে পড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিন পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের নলকা ৪নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাবনা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া সিদ্দিকা সেতু, জেলা পুলিশের তিন সদস্য, ডিসি অফিসের স্টাফ ও গাড়িচালক রয়েছেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, ঢাকার সরকারি বিজি প্রেস থেকে একটি মিনি ট্রাকে পাবনা জেলা প্রশাসনের মালামাল নিয়ে যাচ্ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া সিদ্দিকা সেতু। ট্রাকটি নলকা ৪নং ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৭ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।