আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার দৌমায় আসাদ সরকারের রাসায়নিক অস্ত্র হামলার ‘প্রমাণ’ আছে বলে দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এছাড়া উপযোগী সময়েই সিরিয়ায় হামলার ব্যাপারে ফ্রান্সের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার গৌতায় কর্মরত একটি স্বেচ্ছাসেবী সংগঠন জানিয়েছে, পূর্ব গৌতায় সরকারি বাহিনীর ভয়াবহ রাসায়নিক হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। তবে এ খবর কোনো নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। সিরিয়ার সরকার অবশ্য এ অভিযোগ অস্বীকার করে আসছে। পশ্চিমা দেশগুলো অবশ্য দাবি করছে আসাদ সরকারই এই হামলা চালিয়েছে। এর জন্য তারা সিরিয়ায় সেনা অভিযান চালাতে প্রস্তুতি নিচ্ছেন।
টিভিতে এক সাক্ষাৎকারে ম্যাক্রন বলেছেন, ‘আমাদের কাছে প্রমাণ আছে গত সপ্তাহে বাশার আল আসাদ সরকার গত সপ্তাহে রাসায়নিক অস্ত্র, যা অন্ততপক্ষে ক্লোরিন ব্যবহার করেছে।’ ম্যাক্রন অবশ্য তার তথ্যের সূত্রের উল্লেখ করেননি।
সিরিয়া অভিযানে ফ্রান্স শামিল হবে কিনা জানতে চালে ম্যাক্রন বলেন, ‘আমরা যখন বিচার-বিশ্লেষণ করতে পারব এ পদক্ষেপ কতটা উপযোগী ও কার্যকরী হবে সেই নির্ধারতি সময়েই আমরা সিদ্ধান্ত নেব।’
‘ওই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট হয় এমন কোনো পদক্ষেপ ফ্রান্স মেনে নেবে না’ বলেন ফরাসি প্রেসিডেন্ট। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘কোনো সরকার যদি মনে করে সবচেয়ে ঘৃণ্য কাজ যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কর্মকাণ্ডসহ তারা যা খুশি তা করতে পারবে, তাদেরকে আমরা সে ধরনের কাজ করতে দিতে পারি না।


