নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের দক্ষিণ সুরমায় বাসের নিচে চাপা পড়ে কামরুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কামরুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কামরুল লালাবাজারের ল্যান্ডমার্ক শপিং সেন্টারের নিচতলায় শেফা ফার্মেসির পরিচালক। ঘটনার পর ঘাতক বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


