সিলেট জেলার দুই উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচনী উষ্ণ হাওয়া বইছে

জেলা প্রতিনিধি ঃ সিলেটে সদর উপজেলা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬-ই মার্চ অনুষ্ঠিত হবে এই নির্বাচন। বুধবার (১৫-ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই নির্বাচনে দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

১৬-ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়নগুলো হলো- সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার ইউনিয়ন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন।

এই ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন- খাদিমনগর ইউনিয়নে ইকলাল আহমদ, খাদিমপাড়া ইউনিয়নে মো. নজরুল ইসলাম বিলাল ও টুকেরবাজার ইউনিয়নে রাজু গোয়ালা।

অন্যদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নে মো. তৈয়ফুর রহমান, মাইজগাঁও ইউনিয়নে জুবেদ আহমদ চৌধুরী, ঘিলাছড়া ইউনিয়নে মো. সাইফুল ইসলাম, উত্তর কুশিয়ারা ইউনিয়নে মো. লুদু মিয়া ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে জুনেদ আহমদ।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৯-শে ফেব্রুয়ারি, মনোনয়ন বাছাই ২০- শে ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ২৩-শে ফেব্রুয়ারি, দায়েরকৃত আপিল নিষ্পত্তি ২৬-শে ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭-শে ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৮ -শে ফেব্রুয়ারি।

এসব কার্যক্রম শেষে আগামী ১৬-ই মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।