সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা সংঘর্ষে গৃহবধূর মৃত্যু

সিলেট: সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা সংঘর্ষে নাজিয়া আক্তার নাজু (৩০) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাজিয়া আক্তার নাজুর দুই সন্তান আহত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ওই সড়কের দক্ষিণ সুরমা উপজেলার জলকরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাজিয়া নাজু মৌলভীবাজারের জুড়ি উপজেলার জাঙ্গিরাই গ্রামের মোস্তফা কামালের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিলেট মেট্টোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বলেন, দুই সন্তান নিয়ে পিত্রালয় থেকে কুলাউড়া হয়ে স্বামীর বাড়িতে ফিরছিলেন নাজু। পথিমধ্যে ঘটনাস্থলে বিপরীতগামী একটি লেগুনা তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এত ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। দুর্ঘটনায় তার দুই সন্তান আহত হয়েছে। নাজুর বাবা তাজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।