সি-ফরটি’র দক্ষিণ-পশ্চিম এশিয়ার ভাইস চেয়ারম্যান আতিক

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বের ৯৬ মেগাসিটির মেয়রদের নিয়ে গঠিত সংস্থা ‘সি-ফরটি’র স্টিয়ারিং কমিটির দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (১০ জুন) সি-ফরটি’র চেয়ারম্যান, লস অ্যাঞ্জেলস শহরের মেয়র এরিক গারসেটি’র এক ই-মেইলের বরাত দিয়ে ডিএনসিসি এ তথ্য জানিয়েছে। ওই মেইলে দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ডিএনসিসি মেয়রকে অভিনন্দন জানান এরিক গারসেটি।

গতবছর ৯ থেকে ১২ সেপ্টেম্বর জার্মানির ডুসেলডর্ফ শহরে অনুষ্ঠিত সি-ফরটি সম্মেলনে অংশ নেন মেয়র আতিকুল ইসলাম। ওই সম্মেলনে বিভিন্ন শহরের আমন্ত্রিত মেয়ররা নিজ-নিজ শহরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যে সব ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছেন তা তুলে ধরেন। সম্মেলনে আমন্ত্রিত মেয়ররা ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী নেতা, ফিলানথ্রপিস্ট, স্বেচ্ছাসেবী, বিজ্ঞানী, জলবায়ু কর্মীসহ আরো অনেকেই অংশ নেন।

সি-ফরটি বিশ্বের মেগাসিটিগুলোর মেয়রদের নিয়ে গঠিত একটি নেটওয়ার্ক, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিষয়ে অর্থবহ, পরিমাপযোগ্য ও টেকসই পদক্ষেপ গ্রহণের জন্য শহরগুলিকে কার্যকরভাবে সহযোগিতা করে থাকে।