সীমান্ত উত্তেজনার পর এই প্রথম হাতেহাত মেলালেন মোদি ও শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্ত উত্তেজনার পর এই প্রথম হাতেহাত মেলালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের বন্দর শহর জিয়ামেনে সোমবার সকালে মোদিকে স্বাগত জানান জিনপিং। এই শহরে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী নবম ব্রিকস শীর্ষ সম্মেলন।

যুক্তরাষ্ট্রের প্রভাববলয় মুক্ত ব্রাজিল, রাশিয়া, ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে বিশ্বব্যাংক ও আইএমএফের বিকল্প বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রতিষ্ঠিত হয় ব্রিকস।

ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে ভারত ও চীনের সীমান্ত উত্তেজনার কূটনৈতিক সমাধান হয়। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মঙ্গলবার মোদি ও জিনপিং দ্বিপাক্ষীক বৈঠক করবেন। চলতি বছরের জুন মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে সবশেষ দ্বিপাক্ষীক বৈঠক করেন মোদি ও জিনপিং।

এদিকে, সোমবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মোদি। এরপর তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তেমের সঙ্গে দ্বিপাক্ষীক বৈঠক করবেন।

ব্রিকসের বিজনেস কাউন্সিল এবং স্বাক্ষর অনুষ্ঠানেও অংশ নেবেন মোদি। ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়া বিশ্বে স্থিতিশীল, সহযোগিতা ও উন্নয়নে পারস্পরিক অবদান রাখার প্রতিশ্রুতিতে কাজ করছে ব্রিকস। আজ সোমবার ব্রিকস শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন জিনপিং। রোববার তিনি আশা প্রকাশ করেন, জাতীয় ইস্যুতে ভিন্নতা থাকা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করবে এই পাঁচ দেশ।

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন