জেলা প্রতিবেদকঃ সুন্দরবনে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ দস্যু ‘বুলবুল বাহিনী’র সদস্য গোলাম মোল্যা (৩৬) ও জালাল উদ্দীনকে (৫০) আটক করেছে কোস্টগার্ডের কৈখালী কন্টিজেন্টের সদস্যরা।
রোববার (০১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ সংলগ্ন সীমান্ত নদী রায়মঙ্গলের মোহন্তখালী খাল থেকে তাদের আটক করা হয়। এসময় দস্যুদের হাতে জিম্মি থাকা জেলে বাবলু গাজী, শহীদ হোসেন এবং রেজাউল ইসলামকে উদ্ধার করা হয়। আটক দুই দস্যু হলেন- বাগেরহাটের রামপাল সদর উপজেলার গোলাম মোল্যা ও জালাল উদ্দীন ভারতের বাসিন্দা। উদ্ধার হওয়া জেলেরা শ্যামনগর উপজেলার কালিঞ্চি ও হরিনগর গ্রামের বাসিন্দা বলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ নিশ্চিত করেছেন।
কোস্টগার্ডের পেটি অফিসার নজরুল ইসলাম জানান, তিনদিন আগে সুন্দরবনে মাছ শিকারে যেয়ে দস্যুদের হাতে অপহরণের শিকার হন কালিঞ্চি গ্রামের দুই জেলে। অপহৃত জেলেদের পরিবারের মাধ্যমে বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্যসহ আরও কিছু জেলেকে নিয়ে তারা সুন্দরবনে অভিযানে যান। এক পর্যায়ে রোববার রাত সাড়ে ৯টার দিকে তারা সীমান্ত নদী রায়মঙ্গলের মোহন্তখালী খালের মধ্য থেকে তিন জেলেকে উদ্ধারসহ দুই বনদস্যুকে আটক করতে সক্ষম হন।
শ্যামনগর থানা পুলিশ জানায়, এ ঘটনায় আটক দুই দস্যুর বিরুদ্ধে অস্ত্র ও দস্যুতার অভিযোগ পৃথক মামলা দায়ের করা হয়েছে।


