সেনাদের ওপর চাপাতি দিয়ে আঘাতকারী এক হামলাকারীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সেনাদের ওপর চাপাতি দিয়ে আঘাতকারী এক হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

দেশটির সরকারি কৌঁসুলিরা একে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন।

বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

হামলাকারী সোমালীয় বংশোদ্ভূত। তবে তার নাম প্রকাশ করা হয়নি। পুলিশের গুলিতে গুরুতর আহত হামলাকারীকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ছাড়া এ হামলায় এক সেনাসদস্যের হাতে মারাত্মক জখম হয়েছে। হামলার পর ঘটনাস্থলের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

গত বছর ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় ৩২ জন নিহত হওয়ার পর নিরাপত্তার দায়িত্বে সেনাসদস্যদের নিয়োজিত করা হয়। প্রায়ই তাদের টহল দিতে দেখা যায়।

বেলজিয়ামের প্রধান কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য হামলাকারী আগে থেকে পরিচিত ছিলেন না। তবে হামলার সময় তিনি ‘আল্লাহ আকবর’ বলে চিৎকার করছিলেন।

জুন মাসে ব্রাসেলসের একটি রেলস্টেশনে সন্দেহভাজন এক বোমা হামলাকারীকে গুলি করে হত্যা করে সেনারা। ৩৩ বছর বয়সি ওই হামলাকারী মরস্কোর অধিবাসী ছিলেন।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন