বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় এক অসহায় ভ্যান চালককে সিগারেট আনতে দিয়ে সুকৌশলে ভ্যান চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ৩১ জানুয়ারী সোমবার সোনাতলা উপজেলার বালুয়াহাট বাজারস্থ রাস্থার উপর থেকে। এঘটনায় ওই ভ্যান চালক ইউনুস আলী বেপারী
থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে ও ভুক্তভোগী ইউনুছ আলী সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টায় ইউনুছ আলী তার ছেলেকে ভ্যান চালাতে দিয়ে সে জমিতে ধান রোপণ করতে যায়। ছেলে ভ্যান নিয়ে মাদরাসা মোড়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ অপরিচিত একটি লোক ভ্যানে উঠে বলে সামনে চল। এই বলে ছেলেটিকে থানা গেটে দাঁড়িয়ে থাকতে বলে। একটু পরে থানার ভিতর থেকে ফিরে এসে উপজেলা দক্ষিণ গেটে একটু অপেক্ষা করে আবারও মাদরাসা মোড় হয়ে ডাকুমারা হাটের উদ্দেশ্যে রওনা হয়।
বালুয়াহাট বাজার এলাকার একটু দুরে রাস্থার উপরে থেকে ভ্যান ওয়ালা ছেলেটিকে সিগারেট আনতে বলে অপরিচিত লোকটি। ছেলেটি সিগারেট আনতে গেলে সুকৌশলে ভ্যান নিয়ে পালিয়ে যায়। ছেলেটি ভ্যান না দেখতে পেয়ে হাউ মাউ করে কেঁদে ফেলে। বাড়িতে গিয়ে সব খুলে বললে পরের দিন সকালে ইউনুছ আলী থানায় গিয়ে ওসি সৈকত হাসানের কাছে কেঁদে কেঁদে বলে আমি সরকা্রি ঘরে থাকি, এনজিও থেকে ৪০ হাজার টাকা লোন করে এবং বাড়িতে থাকা একটি গরু বিক্রি করে ভ্যানটি ক্রয় করি। সেই ভ্যানটি গতকাল চুরি হয়েছে। আমার আর করে খাওয়ার কিছু থাকলো না। ওসি সৈকত হাসান তাৎক্ষনিক অভিযোগটি আমলে নিয়ে পুলিশকে পাঠিয়ে আশে পাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সিসি টিভির ফুটেজে লোকটিকে দেখে কেউ চিনতে পারলে থানা প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান ওসি সৈকত হাসান।


