লক্ষ্মীপুর : রোববার সৌদির হাইলি শহরের একটি রেললাইন নির্মাণ সামগ্রীর কারখানায় মেশিন পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবে দুর্ঘটনায় নাছির উদ্দিন ফয়সল (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
দুর্ঘটনায় নিহত ফয়সল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের পশ্চিম কলাকোপা গ্রামের মৃত মাস্টার আব্দুস সহিদের ছেলে বলে জানা গেছে। নিহতের স্বজনরা জানান, পারিবারিক অভাব-অনটন মোচনের উদ্দেশ্যে সাত বছর আগে সৌদি আরব যান ফয়সল। পাঁচ মাস আগে দেশে এসে বিয়েও করেন। বিয়ের পরে দেড় মাস বাড়িতে থেকে আবার সৌদির কর্মস্থলে ফিরে যান। রাতে কারখানার একটি মেশিন পরিষ্কার করার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই জসিম আযম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


