বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিক। অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণও করছেন তিনি। ঈদুল ফিতরের কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন সিদ্দিক। ঈদ উপলক্ষে এবার তিনি নির্মাণ করলেন একক নাটক ‘মেড ইন ফরেন’। রচনা ও পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি।
শুধু তাই নয়, এ নাটকের মাধ্যমে প্রথমবার নাটকে অভিনয় করলেন সিদ্দিকের স্ত্রী মারিয়া মিম। এতে সিদ্দিকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। এ প্রসঙ্গে সঙ্গে কথা বলেন সিদ্দিক। তিনি বলেন, ‘আসলে মিম অভিনয় করতে চায় না। এই নাটকে অনেকটা জোর করেই ওকে দিয়ে অভিনয় করিয়েছি। ঈদে মিমের জন্য এটি একটি উপহারও বলতে পারেন। নাটকটির গল্পে দুজন সুন্দরী নারীর প্রয়োজন ছিল। তারই একটি চরিত্র রূপায়ন করেছে মিম অন্যটি করেছেন তানিয়া বৃষ্টি। মিমকে নিয়ে এটি পরীক্ষামূলক একটি কাজও বলতে পারেন। ও অভিনয়ের মানুষ না। তবে অভিনয়টা ভালোই করেছে। যতটা খারাপ হবে ভেবেছিলাম ততটা হয়নি। আশা করছি, নাটকটি দেখে সবার ভালো লাগবে।’
এ প্রসঙ্গে মারিয়া মিম বলেন, ‘এটি আমার অভিনীত প্রথম নাটক। কাজটি ভালো করার চেষ্টা করেছি। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে। তবে অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছে নেই।’
নাটকের গল্প প্রসঙ্গে সিদ্দিক বলেন, ‘অজপাড়া গা কুড়াইলা। এখানকার বেশিরভাগ মানুষই সহজ সরল, বোকা কিসিমের। বেকার সমস্যাও তীব্র। এলাকার মুরুব্বি সোহেল খান বেকার সমস্যা নিয়ে চিন্তিত। এ থেকে পরিত্রাণের উপায় খুঁজছেন তিনি। সোহেল খানের দুই মেয়ে জুঁই আর জুথি দুজনই সারাদিন ফেসবুক নিয়ে ব্যস্ত। জুঁই পছন্দ করে এলাকার বেকার ছেলে ও ফেসবুকার ভাইরাল সেলিমকে। সোহেল খান মেয়েদের জন্য পাত্র দেখতে থাকেন কিন্তু ভাইরাল সেলিম ছলেবলে সব প্রতিহত করেন।
প্রেমিকাকে পাওয়ার জন্য, সোহেল খানের নেক নজর পাওয়ার প্রত্যাশায় একটি পরিকল্পনা করে সেলিম। এক যুবককে জাপান ফেরত মিস্টার ক্যারি সাজায় এবং মিস্টার ক্যারি খুব সহজে এলাকার সব বেকারদের জাপান নিয়ে যাবে বলে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে। তারপর সেলিম ও মিস্টার ক্যারির পেছনে ছুটতে থাকেন এলাকার যুবকরা। এভাবে এগিয়েছে নাটকটির গল্প।’
সিদ্দিক ও তার স্ত্রী মারিয়া মিম ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন আ খ ম হাসান, আহসানুল হক মিনুসহ অনেকে। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল ফিতরের দিন রাত ৮টা ১০ মিনিটে বৈশাখী টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।


