সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ নিহত

জেলা প্রতিবেদকঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফয়জুল আনাম সিদ্দিকী (৫২) নামে এক মাদ্রাসা অধ্যক্ষ নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফয়জুল আনাম সিদ্দিকী গোলমুন্ডা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলে মাদ্রাসা থেকে মোটরসাইকেলযোগে জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের মুন্সিপাড়ায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খেজুরতলা এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।