হঠাৎ রমনা থানায় গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন হুঁশিয়ারি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দেন। পাশপাশি কোনো পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর রমনা মডেল থানা পরিদর্শনের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো ভিডিওতে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি থানায় ওসির কক্ষে প্রবেশ করেন। সেসময় কক্ষে চার-পাঁচজন ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রবেশ করেই স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতদের পরিচয় ও সেখানে আসার কারণ জানতে চান।

এ সময় তিনি থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী থানার ওসি ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

থানায় প্রায় ১০ থেকে ১১ মিনিট অবস্থান করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় ওসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপি বা পার্টির নাম ব্যবহার করে কেউ থানায় সুবিধা নিলে তার দায় আপনার।’

স্বরাষ্ট্রমন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে (সেবাগ্রহীতাদেরকে) সেবা প্রদানের জন্য উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পুলিশ সদস্যদের মধ্যে কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।