নিজস্ব প্রতিবেদকঃ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর উলাই’য়াহ বাংলাদেশের এক সদস্যেকে পৃথক দুই ধারায় মোট দুই বছর ছয় মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬ মার্চ) চট্টগ্রামের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হিযবুত তাহরীর সদস্যের নাম মো. ওয়াহিদুর রহমান (৩০)। তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা এলাকার মো. নুর খানের ছেলে বলে মামলার নথি থেকে জানা গেছে।
সন্ত্রাস বিরোধী ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মনোরঞ্জন দাশ বলেন, ২০১২ সালের ডিসেম্বরে কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি মামলায় মো. ওয়াহিদুর রহমানকে কারাদণ্ড দিয়েছেন আদালত। সন্ত্রাস বিরোধী আইনের পৃথক দুই ধারায় মোট দুই বছর ছয় মাস কারাদণ্ড দেন আদালত।
রায় ঘোষণার সময় আসামি ওয়াহিদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন বলে জানান অ্যাডভোকেট মনোরঞ্জন দাশ।
২০১২ সালের ৮ ডিসেম্বর তৎকালীন কোতোয়ালি থানা এলাকার মিসকিন শাহ মাজার গেইট এলাকা থেকে উগ্রবাদী লিফলেট ও পোস্টারসহ পুলিশের হাতে গ্রেফতার হন ওয়াহিদুর রহমান। ২০১২ সালের ৩১ ডিসেম্বর পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়।
২০১৩ সালের ৭ এপ্রিল সন্ত্রাস বিরোধী আইনের চারটি ধারায় (৮/৯/১০/১৩) অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষ ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করে। আসামির বিরুদ্ধে দুইটি ধারায় (৮/৯) অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ড দেন। অপর দুইটি ধারায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।


