বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক

হেফাজত নেতা জাকারিয়া নোমান গ্রেফতার

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ মে) বিকালে কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হাসান।

তিনি গণমাধ্যমকে বলেন, গত ২৬ মার্চ চট্টগ্রামের হাটহাজারিতে তাণ্ডবের ঘটনায় পুলিশের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

স্বাধীনতার সুর্বণজয়ন্তীর দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে বিক্ষোভের সময় হাটহাজারী থানায় আক্রমণ করে ভাঙচুর চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। পাশাপাশি সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা সদর ভূমি অফিসে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জেও সহিংসতা ছড়িয়েছিল।