হেরে গিয়ে ভোট কারচুপির অভিযোগ এরদোয়ানের দলের, পুনরায় গণনা

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের রাজনৈতিক দল একে পার্টি ইস্তাম্বুল শহরের স্থানীয় নির্বাচনে হেরে যাওয়ার পর কারচুপির অভিযোগ তুলেছে। দলটির আপত্তির পর দেশটির জাতীয় নির্বাচন বোর্ড ওই শহরের সব জেলার ভোট পুণরায় গণনার ঘোষণা দিয়েছে।

ইস্তাম্বুলের নির্বাচনে এরদোয়ানের নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির (একে পার্টি) ভরাডুরি ঘটে। ভরাডুবি মেনে নিতে আপত্তি জানিয়ে ভোট পুনরায় গণনার দাবি জানায় একে পার্টি।

এরদোয়ানের এই রাজনৈতিক দলের দাবির মুখে বুধবার দেশটির নির্বাচন বোর্ডের প্রধান সাদি গুভেন বলেছেন, ইস্তাম্বুলের ৮টি জেলার ভোট আবারো গণনা করা হবে।

প্রাথমিক ফলে একে পার্টিকে সামান্য ব্যবধানে হারিয়ে নির্বাচনে জয় লাভ করেছে প্রধান বিরোধী দল সিএইচপি। দলটি বলছে, নির্বাচনী ফলাফল নিয়ে একে পার্টি অনৈতিক দাবি করেছে।

আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুভেন বলেন, অবৈধ ভোট বাছাই করতেই পুনরায় গণনা করা হবে। তবে তাদের এই সিদ্ধান্ত নজিরবিহীন নয় বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু অ্যাজেন্সি বলছে, তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টি স্থানীয় মেয়র নির্বাচনে দেশটির বৃহত্তম তিনটি শহর রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল ও ইজমিরে হেরে গেছে; যা দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচন নিয়ে অভিযোগ দাখিলের জন্য একে পার্টিকে তিনদিনের সময় বেধে দিয়েছে; যা শেষ হবে আজ। আনাদোলুর প্রকাশিত বেসরকারি তথ্যে দেখা যাচ্ছে, দেশটির বৃহত্তম শহর ইস্তাম্বুলে মেয়র নির্বাচনে রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) কাছে একেবারে সামান্য ব্যবধানে হেরে গেছে একে পার্টি।

শহরটিতে সিএইচপির প্রার্থী একরাম ইমামোগলু ৪৮ দশমিক ৮ শতাংশ ভোট পেলেও একে পার্টির প্রার্থী বিনালি ইলদিরিম পেয়েছেন ৪৮ দশমিক ৫ শতাংশ।