হেলিকপ্টার বিধ্বস্ত হলে এর দুই আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে এর দুই আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে তিনজন।

বিবিসি জানিয়েছে, রোববার নিউ ইয়র্ক সিটির ইস্ট রিভারে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। উদ্ধারকর্মীরা পানি থেকে তিনজনকে বের করে এনে হাসপাতাল পাঠিয়েছে। তাদের অবস্থা গুরুতর।

নিউ ইয়র্ক সিটির অগ্নি নির্বাপক বিভাগ জানিয়েছে, কপ্টারের পাইলট নিজেকে রক্ষা করতে সমর্থ হয়েছেন।

সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ফটো শুটের জন্য যাওয়ার সময় হেলিকপ্টারটি রুজভেল্ট আইল্যান্ডের কাছে পানিতে পড়ে যায়। কপ্টারে আরোহী ছিল ছয়জন।

হেলিকপ্টারটি একটি ট্যুরিজম গ্রুপের। পুলিশ কমিশনার জেমস ও’নিল সাংবাদিকদের জানান, কয়েকজন ফটোগ্রাফার এটি লিজ নিয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, লাল রংয়ের কপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে আছড়ে পড়ে। এরপর একটু সামনের দিকে গিয়ে ধীরে ধীরে সেটি ডুবতে থাকে। এসময় কপ্টারের পাখা ঘুরছিল।