ক্রিকেট দুনিয়ায় অবাক করা খবর হিসেবে এসেছে লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার অবসরের সিদ্ধান্ত। মাত্র ৩২ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শ্রীলঙ্কার তারকা এই ক্রিকেটার। এবার তিনি জানিয়েছেন এমন সিদ্ধান্তের কারণ।
আসন্ন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণ দল সাজানোর পরিকল্পনা করছে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। থিসারার মত খেলোয়াড়রা তাই নেই সীমিত ওভারের দুই ফরম্যাটের বিবেচনায়। লঙ্কান মিডিয়ার টানা খবর প্রচারের কারণে ম্যানেজমেন্টের এই ভাবনা অজানা থাকেনি কারও।
এরপর গত ৩ মে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন থিসারা। যদিও অবসরের কারণ তিনি খোলাসা করেননি। তবে পরবর্তীতে ইএসপিএনক্রিকইনফোকে থিসারা জানিয়েছেন, তরুণদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। থিসারা বলেন, ‘শ্রীলঙ্কার হয়ে ১২ বছর খেললাম।
আমি মনে করি এখন তরুণদের সুযোগ দেওয়া উচিৎ। বিশ্বকাপের আগে তরুণদের তৈরি করার জন্য কিছু সময় দেওয়া উচিৎ। হুট করে তো এটা হবে না।’ ‘২০২৩ সালে একটি ওয়ানডে বিশ্বকাপর আছে, আর টি-টোয়েন্টি বিশ্বকাপের তো মাত্র কয়েক মাস বাকি।
এই আসরগুলোর কাছাকাছি পৌঁছে অবসর নেওয়ার ক্ষেত্রে আমি ভেবেছি, এখন অন্য কেউ আমার জায়গায় সুযোগ পাবে।’– বলেন তিনি। থিসারাকে অবশ্য এখনই সীমিত ওভারের দল থেকে বাদ দেওয়ার সম্ভাবনা ছিল না, কারণ টেস্ট তিনি খেলছিলেন না বললেই চলে।
এ বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার খেলার সম্ভাবনা ছিল। তাহলে কেন এমন সিদ্ধান্ত? এই প্রশ্নের জবাবে পাওয়া গেল কিছুটা অভিমানের আঁচ। তিনি বলেন, ‘তারা আমাকে তাদের পরিকল্পনা জানায়নি। আমি যা জানতাম তা হল ওয়ানডে দল থেকে অনেকজন সিনিয়র খেলোয়াড় বাদ পড়তে যাচ্ছে।
তাই ভাবলাম তরুণদেরই সুযোগ দেওয়া উচিৎ যে টি-টোয়েন্টিও খেলতে পারবে। তাহলে এই দলে নিজের জায়গা পাকা করে নেওয়ার সুযোগ পাবে। ২০০৯ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় থিসারার। অবসরের আগপর্যন্ত শ্রীলঙ্কার জার্সিতে খেলেছেন ১৬৬টি ওয়ানডে, ৮৪টি টি-টোয়েন্টি ও ৬টি টেস্ট।


