‘৪৫ বছর পরেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যায়নি’

নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর ৪৫ বছর পরেও তার নাম মুছে ফেলা যায়নি। তার দেশপ্রেম, সততা ও নৈতিকতা আজও মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া ছিলেন একজন অনন্য মহীয়সী নারী। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। বর্তমানে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন তার সুযোগ্য সন্তান তারেক রহমান

সভায় সিংড়া শহর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, ইতালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, বিএনপি নেতা অ্যাডভোকেট আলী আজগর খান, ডা. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট, ইতালি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান রঞ্জু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।