নিজস্ব প্রতিবেদক : উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও কুষ্টিয়ার হযরত বিল্লাল আলিয়া মাদ্রাসায় ছাত্রদের উপর নির্যাতন বন্ধ হচ্ছে না। গত ১০ দিনের মধ্যে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছে তিন শিশু শিক্ষার্থী। কুষ্টিয়া চর আমলাপাড়া এলাকার লালু ছেলে আলামিন (১০) মাদ্রাসা শিক্ষক খালেকের ডাকে সাড়া না দেয়ায় স্ক্রু ড্রাইভার গালের মধ্যে ঢুকিয়ে গাল কেটে দিয়েছে। এতে করে তার ঠোঁটে ৮ টি সেলাই দিয়েছে ডাক্তার। অপর এক শিশু কুঠিপাড়া এলাকার শফিকুলের ছেলে ইলিয়াস (৯) কে মাথার ওপর ছাতার রড দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। তার মাথায়ও চারটি সেলাই দেয়া লেগেছে। শুধু ইলিয়াস ও আলামিন-ই নয় জাকারিয়া নামের আরেক ছেলের হাতের নখ ট্রেনে উপরে নিয়েছে ওই শিক্ষক। অভিযোগ রয়েছে এমন নির্যাতনের পর ওই শিক্ষক নির্যাতিত শিক্ষার্থীদের পরিবারের লোক যাতে জানতে না পারে সেজন্য কুমারখালী দারুল উলূম এন. আই আনছার হাফেজিয়া কাওমী মাদ্রাসায় লুকিয়ে রাখে। অমানুষিক নির্যাতনের শিকার আলামিন জানান, গত ২৮শে ফেব্রুয়ারি মাদ্রাসা শিক্ষক খালেক অন্য এক ছাত্রকে দিয়ে তাকে ডাকতে পাঠায়। কিন্তু সে পড়ায় ব্যস্ত থাকায় যেতে দেরি হয়। তখন মাদরাসার শিক্ষক খালেক ক্ষিপ্ত হয়ে রুমে এসে গলার উপর পা তুলে গালের মধ্যে স্ক্রু-ড্রাইভার ঢুকিয়ে দিয়ে গাল ফেড়ে দেয়। রক্তাক্ত অবস্থায় তার মুখ ঢেকে তড়িঘড়ি করে কুষ্টিয়া সদর হাসপাতাল নিয়ে যান শিক্ষক খালেক। ডাক্তার ইমারজেন্সি থেকেই আলামিনের গালে মোট আটটি সেলাই দেয়। পরিবার যাতে জানতে না পারে সেজন্য শিক্ষক খালেক তড়িঘড়ি করে আলামিনকে নিয়ে কুমারখালী দারুল উলূম এন আই আনছার হাফেজিয়া কাওমী মাদ্রাসায় নিয়ে যান। গত বৃহস্পতিবার আলামিনের বাবা কুমারখালী গিয়ে আলামিনকে অসুস্থ অবস্থায় দেখে নিয়ে আসে। আলামিনের বাবা লালু জানান, আমরা মাদ্রাসায় গিয়ে শিক্ষককে আমার ছেলের বিষয়ে জানতে চাইলে শিক্ষক খালেদ আমাকে জানায়, আমার ছেলে কুমারখালী বেড়াতে গিয়েছে। আমি গতকাল জোরাজুরি করলে তারা আমার ছেলেকে কুমারখালী দারুল উলূম এন আই আনছার হাফেজিয়া কাওমী মাদ্রাসায় রয়েছে বলে জানান। আমি আমার ছেলেকে সেখান থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে আসি। তিনি আরো জানান, আমি মাদ্রাসা শিক্ষক খালেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। অপর এক নির্যাতিত শিশু ইয়ামিন জানান, মাদ্রাসার শিক্ষক শফিকুল হুজুর ও খালেদ হুজুর আমাদের ওপর শারীরিক নির্যাতন চালাত। গত মঙ্গলবার মাদ্রাসা শিক্ষক শফিকুল হুজুর ছাতার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে আমার মাথা ফেটে যায়। সঙ্গে সঙ্গে আমাকে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে মাথায় চারটি সেলাই দেয়। পরবর্তীতে আমার মা-বাবা আমাকে কুমারখালী দারুল উলুম এন আই আনছার হাফেজিয়া কাওমি মাদ্রাসা থেকে নিয়ে আসে। ছেলেটি আরো জানান গত কয়েকদিন আগে কুমারখালী উপজেলার শিলাইদাহ গ্রামের নবাবের ছেলে জাকারিয়া ভাইকেও মারধর করে শিক্ষক শফিকুল। জাকারিয়ার হাতের আঙ্গুলের একটা নক উপরে নেয়। এসব অভিযোগের ভিত্তিতে শিক্ষক শফিকুল ও খালেদের সাথে যোগাযোগ করতে গেলে তাদেরকে পাওয়া যায় না। এলাকাবাসী সূত্রে জানা যায় আলা আমিন, ইয়ামিন ও জাকারিয়ার নির্যাতনের বিষয় জানাজানি হলে শিক্ষক শফিকুল ও খালেদ পালিয়েছে।
কুঠিপাড়া হযরত বিল্লাল আলিয়া মাদ্রাসার সভাপতি তাহেরের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, আমাদের সাধারণ সম্পাদক এলে আমরা একসাথে বসে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনার পর থেকেই মাদ্রাসা বন্ধ ঘোষণা করে রাখা হয়েছে।


