অধিনায়ক পরিবর্তনে যেন দপ করে জ্বলে উঠল দিল্লি

ক্রীড়া ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে আসা গৌতম গম্ভীরের অধীনে এবার শুরু থেকেই নিজেদের হারিয়ে খুঁজছিল দিল্লি ডেয়ারডেভিলস। শেষ ৬ ম্যাচের ৫টিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানীতে ছিল দলটি। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক পরিবর্তনে যেন দপ করে জ্বলে উঠল দিল্লি।

গম্ভীরের পরিবর্তে নতুন অধিনায়ক শ্রেয়াস আয়ারের অধীনে গতকাল খেলেছে দিল্লি। আর তার অধিনায়কোচিত ইনিংসে ভর করে এবারের আইপিলে সর্বোচ্চ দলীয় ২১৯ রান করল দলটি। তার এমন বীরত্ব পূর্ণ ইনিংসের পর প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্সকে ৫৫ রানে উড়িয়ে দিয়েছে দিল্লি।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে আগে ব্যাট করতে নেমে দিল্লিকে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়াস আয়ার। খেললেন ৪০ বলে ৯৩ রানের দারুণ এক টর্নেডো ইনিংস। তার অপরাজিত এ ইনিংসটি ৩টি চার ও ১০ ছক্কায় সাজানো ছিল। অবশ্য এর আগে দিল্লির ওপেনার পৃত্থি শ এবং কলিন মুনরোর শুরুটাও দারুণ ছিল। তারা দু’জন ৫৯ রানের ‍জুটি গড়ে দলকে সামনে নিয়ে যান। ১৮ বলে ৩৩ রান করেন কলিন মুনরো। ৪৪ বলে ৬২ রান করেন পৃত্থি শ। রিশাভ পান্ট শূন্য রান করে আউট হলেও ম্যাক্সওয়েল ১৮ বলে করেন ২৭ ।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দহীন ছিল কলকাতা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো কলকাতা শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে। কলকাতার হয়ে আন্দ্রে রাসেল সর্বোচ্চ ৩০ বলে খেলেন ৪৪ রানের ইনিংস। ২৯ বলে ৩৭ রান করেন শুভমান গিল। ৯ বলে ২৬ রানের ঝড় তুলে বিদায় নিয়েছিলেন সুনিল নারিন।

দিল্লির হয়ে ট্রেন্ট বোল্ট, গ্লেন ম্যাক্সওয়েল, আবেশ খান এবং অমিত মিশ্র নেন ২টি করে উইকেট। এই জয়ে ৭ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠলো দিল্লি। তাতে টেবিলের একবারে তলানীতে চলে গেল মু্স্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স।