অনুশীলন করেননি পিকে

ক্রীড়া ডেস্ক : লা লিগায় ৩৬ ম্যাচ শেষে ৮৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শেষ সময়ে এসে পা ফঁসকালে শিরোপা স্বপ্ন বির্সজন দিতে হবে কাতালানদের। অন্যদিকে এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালও শিরোপার জন্য বেশ আত্মবিশ্বাসী মেজাজে রয়েছে। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করা রিয়াল আজ সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে মুখোমুখি হবে।
বার্সেলোনা হয়ে এই সপ্তাহে অনুশীলন করেননি দলটির অন্যতম সেরা ডিফেন্ডার জেরার্ড পিকে। পেটের ভাইরাস সংক্রান্ত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন স্প্যানিশ এ তারকা। আর শারীরিক এ সমস্যার জন্য লাস পালমাসের বিপক্ষে আজ বার্সা শিবিরে দেখা যাবে না তাকে।

হাসপাতালে ভর্তি হলেও পিকের পেটের সমস্যা গুরুতর নয় বলে জানিয়েছেন তার ডাক্তার। বার্সেলোনার ভল ডি’হেরবন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

পিকের পরিবর্তে লাস পালমাসের বিপক্ষে আজ ডিফেন্স সমালানোর মূল ভূমিকায় দেখা যেতে পারে স্যামুয়েল উমতিতি এবং জাভিয়ের মাশ্চেরানোকে।