ক্রীড়া ডেস্ক : তখন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ২০১০/১১ মৌসুমে ২৪ ম্যাচে অপরাজিত ছিল ম্যানইউ। ২০১৬-১৭ মৌসুমে এসে স্যার অ্যালেক্স ফার্গুসনের রেকর্ড ভেঙে দেন হোসে মরিনহো। তার তত্ত্বাবধানে টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ম্যানইউ। কিন্তু সেটাকে আর প্রলম্বিত করতে পারেনি মরিনহো শিষ্যরা। আর্সেনালের ঘরের মাঠে রোববার রাতে তারা হার মেনেছে ২-০ গোলে। আর এর মধ্য দিয়ে অপরাজিত থাকার যাত্রা শেষ হল ম্যানইউর।
রোববার অবশ্য প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ম্যানইউ কিংবা আর্সেনাল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই অল্প সময়ের ব্যবধানে দুই-দুটি গোল করে বসে গানার্সরা। ম্যাচের ৫৪ মিনিটে সৌভাগ্যক্রমে গোলের দেখা পায় আর্সেনাল। এ সময় ৩০ গজ দূর থেকে শট নেন আর্সেনালের সুইস মিডফিল্ডার গ্রানিত জাকা। তার নেওয়া শট ম্যানইউর একজন খেলোয়াড়ের গায়ে লেগে উপরে উঠে যায়। সেখান থেকে বল এসে জালে আশ্রয় নেয়। ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডি গিয়া চেষ্টা করেও নাগাল পাননি বলের। ৫৭ মিনিটের সময় ডি বক্সের ডান পাশ থেকে বল উড়িয়ে ডি বক্সের মধ্যে মারেন চেম্বারলিন। উড়ে আসা বলে হেড দেন ড্যানি ওয়েলবেক। তার নেওয়া হেড উপরের বারে লেগেও জালে আশ্রয় নেয়। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি।
এ জয়ের ফলে ৩৪ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে রয়েছে আর্সেনাল। শীর্ষ চারে থেকে লিগ শেষ করার দারুণ সুযোগ রয়েছে তাদের সামনে। অন্যদিকে ৩৫ ম্যাচ থেকে ৬৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচ থেকে ৬৯ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি রয়েছে চতুর্থ স্থানে।


