অপহরণ করা হয়েছিল ম্যাকগিলকে

এক ঘণ্টা আটকে রাখার পর ম্যাকগিলকে আরও ৪০ কিলোমিটার দূরের বেলমোর এলাকায় নিয়ে ছেড়ে দেয়া হয়। অপহরণকারীরা তার কাছে তাৎক্ষণিকভাবে অর্থ চাইলেও মুক্তিপণ দাবি করেনি।

নব্বইয়ের দশকে অস্ট্রেলিয়ায় শেন ওয়ার্নের বোলিং পার্টনার হিসেবে নাম কুড়িয়েছিলেন স্টুয়ার্ট ম্যাকগিল। সে সময় এ লেগস্পিনার এতটাই সফল হন যে ওয়ার্নকে ছিটকে দিয়ে দলের এক নম্বর স্পিনার হিসেবে জায়গা করে নেন স্টিভ ওয়াহর সর্বজয়ী অস্ট্রেলিয়ান দলে।

সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে অপহরণ করা হয়েছিল। মেলবোর্নে গত ১৪ এপ্রিল এই দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হন ম্যাকগিল। ভয়ে তিনি এক সপ্তাহ পুলিশকে কিছু জানাননি।

২০ এপ্রিল থানায় ঘটনাটি রিপোর্ট করেন ম্যাকগিল। ৫ মে ঘটনার সঙ্গে জড়িত চার ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাদের।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম চ্যানেল সেভেনের প্রতিবেদনে বলা হয়, স্টুয়ার্ট ম্যাকগিলকে মেলবোর্নের ক্রেমোরনে এলাকা থেকে অপহরণ করা হয়। তাকে তিন ব্যক্তি মিলে অস্ত্রের মুখে একটি গাড়িতে তুলে ৬০ কিলোমিটার দূরের ব্রিঙ্গেলি এলাকায় নিয়ে যান। ওখানে চতুর্থ ব্যক্তি ওই দলে যোগ দেয়। তারা ম্যাকগিলকে মারধরের পাশাপাশি টাকা চায়।

এক ঘণ্টা আটকে রাখার পর ম্যাকগিলকে আরও ৪০ কিলোমিটার দূরের বেলমোর এলাকায় নিয়ে ছেড়ে দেয়া হয়। অপহরণকারীরা তার কাছে তাৎক্ষণিকভাবে অর্থ চাইলেও মুক্তিপণ দাবি করেনি।

মামলাটির তদন্তের দায়িত্বে থাকা ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট অ্যান্থনি হলটন চ্যানেল সেভেনকে জানান, ৫ মে সিডনিতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়। তাদের বয়স ৪৬, ৪২, ২৯ ও ২৭ বছর।

এদের মধ্যে একজনের পরিচয় প্রকাশ করেছে ভিক্টোরিয়া পুলিশ। ৪৬ বছর বয়সী মারিনো সোটিরোপুলোস ম্যাকগিলের দাম্পত্যসঙ্গীর ভাই। তার বিরুদ্ধে অবৈধ ওষুধ বেচাকেনার অভিযোগ রয়েছে।

আটক চারজনের বিরুদ্ধেই অপহরণ ও বেআইনিভাবে আটকের মামলা করা হয়েছে।

৫০ বছর বয়সী ম্যাকগিল ২০০৮ সালে সবশেষ অস্ট্রেলিয়ার হয়ে খেলেন।

১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টেস্টে ২০৮ উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া তিন ওয়ানডেতে ছয় উইকেট রয়েছে তার।