অবৈধভাবে ডলার মজুত করলেই ব্যবস্থা: ডিবি প্রধান

বর্তমান পেক্ষাপটে অবৈধভাবে কেউ ডলার মজুত করলে অথবা অবৈধভাবে জাল ডলার তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হারুন অর রশিদ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ডিবি প্রধান বলেন, ডলারের মূল্য বৃদ্ধির এ সময়ে কেউ যদি তা মজুত করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া বর্তমান প্রেক্ষাপটে কেউ যদি জাল ডলার তৈরি করে, তথ্য পেলে তার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে। আমরা এ বিষয়ে তথ্য সংগ্রহ করছি। যদি এ ধরনের তথ্য পাই কেউ ডলার মজুত করছে বা অবৈধভাবে ডলার তৈরির সরঞ্জাম অথবা মেশিন আছে, তাহলে অবশ্যই অভিযান পরিচালনা করব।

দেশের চাহিদার তুলনায় ডলারের সরবরাহ কম থাকায় খোলাবাজারের পাশাপাশি আন্তঃব্যাংক বাজারেও ডলারের দাম বেড়ে গেছে। গত মঙ্গলবার (২৬ জুলাই) খোলাবাজারে ডলারের বিনিময়মূল্য এ যাবতকালের সর্বোচ্চ ১১২ থেকে ১১২ দশমিক ৫০ টাকায় বিক্রি হয়।