অভিষেকে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন ব্লান্ডেল

ক্রীড়া ডেস্ক : দ্বিতীয় দিন শেষে অপরাজিত ছিলেন ৫৭ রানে। আজ তৃতীয় দিনে সেটিকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন টম ব্লান্ডেল। ২০০৭ সালে ম্যাট প্রিয়রের পর প্রথম উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন তিনি।

কলিন ডি গ্র্যান্ডহোম ও ব্লান্ডেলের সেঞ্চুরিতে ওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসে বিশাল লিড পেয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৩৪ রানের জবাবে নিউজিল্যান্ড ৯ উইকেটে ৫২০ রানে ইনিংস ঘোষণা করেছে।

৩৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে লড়াইয়ের চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্রাফেট ও শিমরন হেটমায়ারের ফিফটিতে তৃতীয় দিন শেষে ক্যারিবীয়রা তুলেছে ২ উইকেটে ২১৪ রান। ইনিংস হার এড়াতে এখনো ১৭২ রান করতে হবে সফরকারীদের।

বেসিন রিজার্ভে তৃতীয় দিনটা ছিল ব্যাটিং প্রদর্শনীর। পুরো দিনে উইকেট পড়েছে মাত্র দুটি। রান উঠেছে ২৮৭।

আগের দিন নিউজিল্যান্ড যখন তাদের নবম উইকেট হারিয়েছিল, ব্লান্ডেলের রান তখন ৫৫। সেখান থেকে তিনি ট্রেন্ট বোল্টকে সঙ্গে নিয়ে ইনিংস বড় করেছেন। আজ দিন শুরু করেছিলেন প্রথম ওভারে মিগুয়েল কামিন্সকে দুই চার হাঁকিয়ে।

এরপর এগিয়ে যান মাইলফলকের দিকে। ব্যক্তিগত ৯৯ থেকে স্পিনার রোস্টন চেজের বলে দুই রান নিয়ে পূর্ণ করেন সেঞ্চুরি। পরের ওভারেই ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। অবিচ্ছিন্ন শেষ উইকেট জুটিতে ৭৮ রান তোলেন ব্লান্ডেল ও বোল্ট। ১৮০ বলে ১৩ চার ও এক ছক্কায় অপরাজিত ১০৭ রান করেন ব্লান্ডেল। ১৮ রানে অপরাজিত ছিলেন বোল্ট।

প্রথম ইনিংসে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস ভালো সূচনা পায়। ব্রাফেট ও কাইরান পাওয়েল উদ্বোধনী জুটিতে তোলেন ৭২ রান। পাওয়েল ৪০ রান করে ম্যাট হেনরিকে ফিরতি কাচ দিলে ভাঙে এ জুটি।

এরপর দ্বিতীয় উইকেটে হেটমায়ারকে সঙ্গে নিয়ে ৯৪ রানের আরেকটি ভালো জুটি গড়েন ব্রাফেট। হেটমায়ার ফিফটি করলেও ইনিংস বড় করতে পারেননি। ৬৬ রান করে হেনরির বলে জিত রাভালকে ক্যাচ দিয়ে ফেরেন।

শাই হোপকে সঙ্গে নিয়ে দিনের প্রায় বাকি ২২ ওভার নিরাপদে কাটিয়ে দেন ব্রাফেট। দুজন তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন। ব্রাফেট ৭৯ ও হোপ ২১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবেন।