অলআউট ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক : প্রথম দিনে ১৫৪ রানেই ৬ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়িয়েছিল রোস্টন চেজের দারুণ এক সেঞ্চুরি ও অধিনায়ক জেসন হোল্ডারের ফিফটিতে। সপ্তম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ১৩২ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিন শেষ করেছিল ৬ উইকেটে ২৮৬ রানে। কিন্তু সোমবার দ্বিতীয় দিনে প্রথম ঘণ্টা যেতে না-যেতেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
পাকিস্তানের দুই পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আব্বাসের দারুণ বোলিংয়ে বার্বাডোজ টেস্টে প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ব্রিজটাউনের কেনসিংটন ওভালে দিনের প্রথম ৯ বলের মধ্যেই ফেরেন হোল্ডার ও চেজ। এদিন দলের পাশাপাশি ব্যক্তিগত খাতায়ও কোনো রান যোগ করতে পারেননি দুজন। আব্বাসের করা দিনের তৃতীয় বলে উইকেটকিপার সরফরাজ আহমেদকে ক্যাচ দিয়ে ফেরেন হোল্ডার (১২৮ বলে ৫৮)। পরের ওভারে আমিরের বলে স্লিপে ইউনিস খানের হাতে ক্যাচ দেন চেজ (২১০ বলে ১৩১)।

ওয়েস্ট ইন্ডিজ তিনশ পেরিয়েছে মূলত নবম উইকেটে দেবেন্দ্র বিশু ও আলজারি জোসেফের ২৬ রানের জুটিতে। তবে ৩১২ রানে দাঁড়িয়েই ফিরেছেন দুজন। বিশুকে (১৪) ফিরিয়ে ইনিংসে ৪ উইকেট পূর্ণ করেছেন আগের টেস্টে অভিষেক হওয়া আব্বাস। জোসেফকে বোল্ড করে ক্যারিবীয়দের ইনিংসের ইতি টানেন স্পিনার ইয়াসির শাহ।

আব্বাস ৫৬ রানে নিয়েছেন ৪ উইকেট। ৬৫ রানে ৩ উইকেট আমিরের। ইয়াসির ২ উইকেট নিয়েছেন ৮৩ রানের বিনিময়ে। একটি উইকেট অভিষিক্ত শাদাব খানের।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৯৮.৫ ওভারে ৩১২ (চেজ ১৩১, হোল্ডার ৫৮, পাওয়েল ৩৮, ডোরিচ ২৯; আব্বাস ৪/৫৬, আমির ৩/৬৫, ইয়াসির ২/৮৩, শাদাব ১/৯০)।