ভারতে করোনাভাইরাসের প্রকোপ বাড়ার ফলে তিন অস্ট্রেলিয়ান ক্রিকেটার দেশে ফিরলেও এখনো আইপিএলের মঞ্চেই অবস্থান করছেন দলীয় ওপেনার ক্রিস লিন। খেলবেন শেষ পর্যন্ত। কিন্তু ততদিন বিশ্বের পরিস্থিতি কেমন থাকবে- সেটা নিয়ে দ্বিধায় আছেন তিনি। এ জন্য দেশে ফিরতে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের কাছে ব্যক্তিগত বিমান চেয়ে আবেদন করেছেন এই মুম্বাই ইন্ডিয়ান্স তারকা।
অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন, অ্যান্ড্রু টাইরা ইতিমধ্যেই দেশের বিমান ধরেছেন। অনেকে ফিরে গেলেও আইপিএলের বিভিন্ন দলে বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার আছেন এখনও। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন পেসার প্যাট কামিন্স। দিল্লি ক্যাপিটালস দলে আবার কোচ হিসেবে রয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান রিকি পন্টিং।
ব্যক্তিগত বিমান চেয়ে দেশে ফেরার ব্যাপারে লিন বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া যেহেতু ক্রিকেটারদের আইপিএল চুক্তির শতকরা ১০ ভাগ অর্থ পেয়ে থাকে, আমি তাই টেক্সট পাঠিয়ে জানতে চেয়েছি যে, এবার আইপিএল শেষে ওই অর্থ আমরা চার্টার্ড ফ্লাইটের জন্য ব্যয় করতে পারি কিনা।’
তিনি আরো বলেন, ‘আমি জানি, আমাদের চেয়ে খারাপ অবস্থায় অনেকেই আছেন। তবে আমরা খুব কড়াকড়ির একটি জৈব-সুরক্ষা বলয়ে আছি, আগামী সপ্তাহে টিকা পাচ্ছি। তাই আশা করি, সরকার আমাদের চার্টার্ড বিমানে দেশে ফেরার সুযোগ করে দেবে। আমরা হ্রস্বতর কোনো পথ চাই না এবং ঝুঁকির কথা জেনেই এখানে এসেছি। তবে আসর শেষ হওয়ার পরপরই ঘরে ফিরতে পারলে ভালো লাগবে।’
লিনের এমন আবেদনে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও কোনও উত্তর দেয়নি। ভারতে মঙ্গলবারও ৩ লক্ষের ওপর মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি খুব একটা স্বস্তি দিচ্ছে না আইপিএল খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের।


