অস্ট্রেলিয়া এখনো সফর চূড়ান্ত নয়!

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সবশেষ আইসিসি সভা শেষে দেশে ফিরে বলেছিলেন, ‘অস্ট্রেলিয়া সফর চূড়ান্ত। দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে তারা। দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। তবে ওরা আসছে তা নিশ্চিত।’

বিসিবি সভাপতি অস্ট্রেলিয়া সিরিজের সবুজ সংকেত পেয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পিভারের কাছ থেকেই। গত ২৮ এপ্রিল বিসিবি সভাপতি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আইসিসি মিটিংয়ের শেষ দিন (বুধবার) আমাকে বললেন, তিনি এবং তার স্ত্রী প্রথম টেস্ট দেখার জন্য বাংলাদেশে আসবেন। নিজ থেকেই বলেছে সিরিজ দেখার জন্য বাংলাদেশে আসবে। এবারই প্রথম সিরিজ নিয়ে তার সঙ্গে কথা হয়েছে।’

পরদিন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনও একই কথা জানিয়েছিলেন। কিন্তু নতুন খবর, অস্ট্রেলিয়া সিরিজ এখনও চূড়ান্ত নয়। জানা গেছে, বোর্ড পূর্বে যে নিরাপত্তা নির্দেশনা পেয়েছিল তা এখনও অপরিবর্তিত রয়েছে।

প্রস্তাবিত সফরসূচী অনুযায়ী আগামী ১৮ আগস্ট অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। ২২, ২৩, ২৪ একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। চট্টগ্রামেই প্রথম টেস্ট ২৭ থেকে ৩১ আগস্ট। ঈদের পর ঢাকায় ৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট।

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় ২০১৫ সালে সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশে দল পাঠাতে আগ্রহী। গত এপ্রিলে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তা বলেছিলেন, ‘আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশে সফর করতে আগ্রহী। বিসিবির সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। তবে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থা সব সময়ই আমাদের কাছে উর্ধ্বে।’

‘আমরা আইএসআইও, ডিএফএটি এবং অন্যান্যা নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছি। বাংলাদেশে সফর নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা তা যাচাই করেই আমরা সফর করব।’-যোগ করেন তিনি।