অস্ট্রেলিয়া সিরিজ ঢাকা ও চট্টগ্রামে

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট অস্ট্রেলিয়া চূড়ন্ত করেছে আগস্টে বাংলাদেশ সফর করবে। ঈদুল আযহার আগে ও পরে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। দুটি ম্যাচ কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে ঢাকা ও চট্টগ্রামে হবে দুটি টেস্ট ম্যাচ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হতে পারে সিরিজের প্রথম টেস্ট। মিরপুরে না হলেও ফতুল্লায় প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২০০৬ সালের সবশেষ সফরেও ফতুল্লা ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলেছিল রিকি পন্টিংয়ের দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন শনিবার ধারণা দিয়েছেন ঢাকা ও চট্টগ্রামেই ম্যাচ আয়োজন করা হতে পারে। মিরপুর স্টেডিয়াম অস্ট্রেলিয়া সিরিজের আগেই প্রস্তুত করার নির্দেশও বোর্ড থেকে এরই মধ্যে গ্রাউন্স কমিটিকে দেওয়া হয়েছে। বিসিবির গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন মুঠোফোনে রাইজিংবিডিকে জানিয়েছেন, আগস্টে অস্ট্রেলিয়া সিরিজের আগেই প্রস্তুত হয়ে যাবে মিরপুর স্টেডিয়াম। হয়ত শেষ দিকে কিছু কাজ বাকি থাকতে পারে। সেটাও যত দ্রুত করা যায় সেই প্রস্তুতি এখন থেকেই নেওয়া হয়েছে।’

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকা ২০১৫ সালে বাংলাদেশ সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্থগিত হওয়া সিরিজ খেলতে ঢাকায় আসবে তারা। গত বছর ইংল্যান্ড সিরিজে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান শন ক্যারল। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছিলেন তিনি।

ইংল্যান্ড সিরিজের মতো করেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে নিরাপত্তা দিবে বিসিবি। এরই মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়াকে নিরাপত্তা পরিকল্পনা পাঠিয়েছে বিসিবি। নিশ্চিত করেছেন নিজামউদ্দিন সুজন। তিনি বলেছেন, ‘কমল্পিট নিরাপত্তা পরিকল্পনা পাঠানো হয়েছে। যে ফিডব্যাক এসেছে তাতে আমরা আশাবাদী।’

এদিকে পাকিস্তান সিরিজ স্থগিত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখা নেই প্রধান নির্বাহীর কাছে। তিনি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এর আগে কোনো মন্তব্য করতে রাজী নয় বিসিবি। পাকিস্তান না আসলে ওই সময়ে আন্তর্জাতিক কোনো দলের খেলা না থাকলে তাদের আমন্ত্রণ জানানোর কথা জানিয়েছেন প্রধান নির্বাহী।