ক্রীড়া ডেস্ক : ২০১৪ সালে ভিসেন্তে ক্যালদেরনের ক্লাবটি ছেড়ে চেলসিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০১০ সালে যোগ দিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ৯৪ ম্যাচে ৪৩ গোল করেছিলেন কস্তা।
চেলসিতে নিজের ভবিষ্যত জানতে চাইলে কস্তা বলেন, ‘সব কিছু পরিকল্পনা মতো হচ্ছে না। অবস্থান ধরে রাখার জন্য যে কোনো জায়গাতে লড়াই করতে হয়। কিন্তু এখানকার লড়াই স্বচ্ছ নয় এবং আমাকে ক্লাব ত্যাগ করতে হবে। চেলসির সঙ্গে আমার আরও দুই বছরের চুক্তি রয়েছে। এখন তারা সিদ্ধান্ত নেবে। তারা আমাকে বিক্রি করে দিলে নতুন ঠিকানা খুঁজব। পছন্দের তালিকায় অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে। প্রত্যেকেই জানে ওই ক্লাবটির প্রতি আমার ভালোবাসা রয়েছে।’
২০১৬-১৭ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে চেলসি। দুর্দান্ত পারফরম্যান্সে লিগ শিরোপা জয়ের পরও ক্লাবের স্ট্রাইকারদের নতুন ঠিকানা খুঁজতে বলেছেন চেলসি কোচ অ্যান্তেনিও কন্তে। তাই স্টামফোর্ড ব্রিজ ছেড়ে নতুন ক্লাবের সন্ধান করছেন স্প্যানিশ স্ট্রাইকার ডিয়েগো কস্তাও।
গত মৌসুমে চেলসির হয়ে ২০টি গোল করেছেন কস্তা। তারপরও ইতালিয়ান কোচ কন্তের নজর আকর্ষণ করতে পারেননি তিনি। তবে নতুন মৌসুম শুরুর আগে প্রাক্তন ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরতে আগ্রহী কস্তা।


