অ্যানফিল্ডে পৌঁছেছে ব্রাজিল দল

ক্রীড়া ডেস্ক : ২৮ মে ইংল্যান্ডে এসেছে ব্রাজিল দল। তারা টটেনহ্যাম হটস্পারের মাঠে গেল চার-পাঁচদিন অনুশীলন করেছে। আজ শনিবার তারা পৌঁছেছে লিভারপুলের মাঠ এনফিল্ডে। সেখানে আগামীকাল রোববার ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেকাওরা। এরপর ১০ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ভিয়েনাতে খেলবে আরো একটি প্রস্তুতি ম্যাচ। সেখান থেকে ব্রাজিল দল যাবে রাশিয়া।

দলের সঙ্গে অ্যানফিল্ডে পৌঁছেছেন লিভারপুলের খেলোয়াড় রবার্তো ফিরমিনো। ঘরে ফিরেছেন বার্সেলোনায় যোগ দেওয়া লিভারপুলের প্রাক্তন তারকা ফিলিপে কুতিনহোও। গেল জানুয়ারিতে ১১০ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দেওয়ার পর এই প্রথম অ্যানফিল্ডে এলেন তিনি। তাদের স্বাগত জানায় লিভারপুলের সমর্থকরা। তারা ব্রাজিলের খেলোয়াড়দের সঙ্গে সেলফি তোলে, অটোগ্রাফ নেয়।

ব্রাজিল দলের সঙ্গে নেইমারও এসেছেন অ্যানফিল্ডে। অবশ্য রোববারের ম্যাচে তার খেলার সম্ভবাবনা কম। এখনো ইনজুরি থেকে সেরে উঠছেন তিনি। তবে ১৭ জুন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারবেন তিনি। নেইমার খেলতে না পারলেও ব্রাজিল দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন ফিলিপে কুতিনহো ও গ্যাব্রিয়েল জেসাস। খেলবেন রবার্তো ফিরমিনহোও। লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা রিয়ালের কাসেমিরো ও মার্সেলোও খেলবেন অ্যানফিল্ডে।