অ্যাশেজ সিরিজ থেকে স্টোকসের নাম প্রত্যাহার

ক্রীড়া ডেস্ক : বেন স্টোকসকে দলে রেখে অ্যাশেজ সিরিজের দল ঘোষণা করেছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু ব্রিস্টলে মারামারির ঘটনায় স্টোকসের আরও তদন্তের প্রয়োজন। এ কারণে অ্যাশেজ সিরিজ থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। স্টোকসের পরিবর্তে অ্যাশেজ সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন পেসার স্টিভেন ফিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজেরে জন্য দলে নেওয়া হয়েছে ফিনকে।

গত মাসে ব্রিস্টলে এক ব্যক্তিকে শারীরিক আঘাত করেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তাকে এক রাত থানা হাজতে আটকে রাখার পর তদন্ত সাপেক্ষে অভিযোগ গঠন ছাড়াই ছেড়ে দেওয়া হয়। ওই রাতেই ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, স্টোকস দুই ব্যক্তিকে ঘুষি মারছিলেন। সেই ফুটেজ দেখার পরই স্টোকসকে নিষিদ্ধ করে ইসিবি। শুধু স্টোকস না ইংল্যান্ড ওপেনার অ্যালেক্স হেলসকেও নিষিদ্ধ করে বোর্ড। ওই ঘটনায় পুলিশ ও ইসিবির নিজস্ব তদন্ত চলছে। তদন্তের স্বার্থে স্টোকসকে অ্যাশেজের বাইরে রাখতে হচ্ছে ইসিবির। ওই রাতে স্টোকস ও হেলসের সঙ্গে ছিলেন জনি বেয়ারস্টো, জেক বল ও লিয়াম প্লাঙ্কেট। লিখিত অভিযোগ এনে তাদের জরিমানা করে সতর্ক করেছে ইসিবি।

দলে জায়গা হারালেও ২০১৭-১৮ মৌসুমে ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে টিকে গেছেন স্টোকস। স্টোকসকে বাদ দেওয়ায় বাড়তি একজন পেসার নিয়ে খেলতে হবে ইংল্যান্ডকে। মিডল অর্ডারে ব্যাটিং অর্ডারেও আসবে পরিবর্তন। ইংলিশ গণমাধ্যম বলছে মঈন আলী, জনি বেয়ারস্টো ও ক্রিস ওকস এক ধাপ উপরে এসে ব্যাটিং করবেন। তাহলেই চার পেসার নিয়ে মাঠে নামতে পারবে ইংল্যান্ড।

২৩ নভেম্বর ব্রিসবেনে শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট।