আন্তর্জাতিক ডেস্ক : এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছে জেনেভাভিত্তিক পরমাণু নিরস্ত্রীকরণের আন্তর্জাতিক সংগঠন (আইক্যান)।
বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় স্বল্প পরিচিত এ সংগঠনের কাজ ও ভূমিকা সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। আইক্যানের সংক্ষিপ্ত পরিচিত তুলে ধরা হলো-
নরওয়ের অসলোতে শুক্রবার নোবেল কমিটির এক ঘোষণায় বলা হয়, বিশ্বজুড়ে পরমাণু অস্ত্রের নিরস্ত্রীকরণে ‘পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি’ স্বাক্ষরে ভূমিকা রেখেছে আইক্যান। চলতি বছরের জুলাই মাসে জাতিসংঘে ভোটাভুটির মাধ্যমে চুক্তিটি অনুমোদিত হয়। ভোটে অংশ নেওয়া একটি বাদে ১২২টি দেশ চুক্তির পক্ষে ভোট দেয়। তবে পরমাণু অস্ত্রধারী পরাশক্তির দেশগুলো চুক্তিটি অনুমোদন করেনি।
আইক্যানের নির্বাহী পরিচালক বিট্রিস ফিন বলেছেন, পরমাণু অস্ত্র নিষিদ্ধের ডাক দিতে বিশ্বজুড়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আরো ইতিবাচক সুযোগ দিয়েছে এটি (চুক্তি)। তার মতে, এ চুক্তির ফলে পরমাণু অস্ত্র তৈরির পথে প্রতিবন্ধতা সৃষ্টি হয়েছে।
পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণে ‘বাধ্যগত আইনি ভিত্তি’ তৈরিতে ২০১৬ সালের অক্টোবর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ফার্স্ট কমিটেতে এ-সংক্রান্ত আলোচনা শুরুর পক্ষে ১২৩টি দেশ প্রস্তাব অনুমোদন করে ভোট দেয়। এ বছরের জুলাই মাসে অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুমোদন করে জাতিসংঘ।
এরপর এক বিবৃতিতে জাতিসংঘ বলে, ‘গত ২০ বছরের সমঝোতায় পরমাণু অস্ত্র নিরস্ত্রীকারণে এই প্রথম বহুপক্ষীয় বাধ্যবাধকতার আইনভিত্তি রচিত হলো।’ গত মাসে সাধারণ পরিষদের অধিবেশনে চুক্তিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়।
২০ সেপ্টেম্বর নাগাদ ৫০টি দেশ চুক্তিতে স্বাক্ষর করেছে। যেকোনো অবস্থায় পরমাণু অস্ত্র তৈরি, ব্যবহার, মজুত ও পরীক্ষা না করার অঙ্গীকার করে স্বাক্ষর করেছে তারা। তবে প্রকৃত পক্ষে যারা পরমাণু অস্ত্রের মালিক, তারা-ই এ চুক্তিতে স্বাক্ষর করেনি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ইরানকে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার জন্য দূষছেন, সেই ইরান-ই চুক্তিতে স্বাক্ষর করেছে। এ সাফল্যের জন্য আইক্যানকে সাধুবাদ জানানো হয়েছে।
৬ অক্টোবরের আগে খুবই সামান্য পরিচিত এক সংগঠন ছিল সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক আইক্যান। তাদের কাজ সম্পর্কে বিশ্বের অধিকাংশ মানুষই জানে না।
২০০৭ সালে অস্ট্রেলিয়ায় যাত্রা শুরু করলেও বর্তমানে জেনেভায় এর প্রধান কার্যালয়। বিশ্বের ১০০টিরও বেশি দেশের ৪৬৮টি বেসরকারি সংগঠন নিয়ে একটি বৃহৎ বৈশ্বিক জোটে পরিণত হয়েছে আইক্যান। তারা একযোগে পরমাণু অস্ত্রের বিস্তার রোধে ও নিরস্ত্রীকরণে নিরন্তর কাজ করে যাচ্ছে। এ জোটের সদস্য সংগঠনগুলো সাধারণত মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা ও পরিবেশ রক্ষায় কাজ করে থাকে।
আইক্যানের গুরুত্বপূর্ণ সদস্যের মধ্যে রয়েছে বাংলাদেশের ‘ফিজিশিয়ানস ফর সোশ্যাল রেসপনসিবিলিটি ইন বাংলাদেশ’ নামে বেসরকারি সংস্থা।
‘ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর দি প্রিভেনশন অব নিউক্লিয়ার ওয়ার’ নামে সংগঠনটি ১৯৮৫ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। ফিলল্যান্ডের হেলসিংকিতে এই সংগঠনের ২০০৬ সালের বিশ্ব কংগ্রেসে আইক্যানকে একটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে গ্রহণ করা হয়। এর এক বছর পর অস্ট্রেলিয়ায় আত্মপ্রকাশ করে আইক্যান এবং ওই বছর অস্ট্রিয়ার ভিয়েনায় আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন শুরু করা হয়।
বিট্রিস ফিন বলেছেন, ১৯৯৭ সালে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ‘ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ডমাইনস’ এর কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে আইক্যান প্রতিষ্ঠায় উদ্যোগী হয় সদস্য সংগঠনগুলো।
তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন


