যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধে ইরানের ক্ষতি ৪৮০ কোটি ডলার

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের টানা অবরোধে বড় ধরণের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, গত ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে ইরান প্রায় ৪৮০ কোটি (৪ দশমিক ৮ বিলিয়ন) ডলারের তেল রাজস্ব হারিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এ পর্যন্ত ইরানি তেল ও পণ্যবাহী ৪০টিরও বেশি জাহাজের গতিপথ আটকে দিয়েছে। বর্তমানে ৩১টি বিশাল তেলের ট্যাংকার প্রায় ৫ কোটি ৩০ লাখ ব্যারেল তেল নিয়ে উপসাগরে আটকা পড়ে আছে। এই বিপুল পরিমাণ তেলের বাজারমূল্য প্রায় ৫ বিলিয়ন ডলারের কাছাকাছি। এর মধ্যে দুটি জাহাজ ইতোমধ্যেই জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, ইরানের স্থলভাগের তেলের ট্যাংকগুলো এখন কানায় কানায় পূর্ণ। নতুন করে তেল রাখার জায়গা না থাকায় দেশটি তাদের পুরনো ও পরিত্যক্ত জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে। এমনকি মার্কিন নজরদারি এড়াতে অনেক জাহাজ দীর্ঘ ও অত্যন্ত ব্যয়বহুল পথ ঘুরে চীনে তেল পাঠানোর চেষ্টা করছে বলে জানিয়েছে পেন্টাগন।

ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক গ্রেগরি ব্রিউ সতর্ক করে বলেছেন, ইরানের হাতে সময় খুব কম। আগামী এক মাসের মধ্যে তাদের তেল মজুত করার সমস্ত জায়গা শেষ হয়ে যাবে।

অন্যদিকে বিশেষজ্ঞ সামির মাদানির মতে, দেয়ালে পিঠ ঠেকে গেলে ইরানি জাহাজগুলো একযোগে রাতারাতি অবরোধ ভেঙে পালিয়ে যাওয়ার (গ্রেট এস্কেপ) চেষ্টা করতে পারে।

পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেজ এই অবরোধকে সফল দাবি করে বলেছেন, এর ফলে ইরান সরকারের সন্ত্রাসবাদে অর্থায়ন এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির সক্ষমতা মারাত্মকভাবে ভেঙে পড়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা মার্কিন সংবাদমাধ্যমের দেওয়া এই বিপুল ক্ষয়ক্ষতির হিসাবের সঠিক তথ্য যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। তবে এই অবরোধের কারণে ইরানের অর্থনীতি বিশাল ক্ষতির সম্মুথীন হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে।