ক্রীড়া ডেস্ক : এই নিয়ে টানা চার ম্যাচে হারল বেঙ্গালুরু। ১১ ম্যাচে বেঙ্গালুরুর জয় মাত্র দুটি! মুম্বাইয়ের কাছে হেরে আইপিএলের সেরা চারের (প্লে-অফ) আশাও শেষ হয়ে গেছে কোহলি, ডি ভিলিয়ার্সদের।
আইপিএলে হেরেই চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে ৫ উইকেটে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬২ রান করেছিল বেঙ্গালুরু। সর্বোচ্চ ৪৩ রান করেন এবি ডি ভিলিয়ার্স। অধিনায়ক কোহলির ব্যাট থেকে আসে ২০ রান। তবে বেঙ্গালুরুর স্কোর দেড়শ পেরিয়েছে মূলত শেষ দিকে পবন নেগির ২৩ বলে ৩৫ রানের কল্যাণে।
লক্ষ্য তাড়ায় মুম্বাইয়ের শুরুটা ভালো হয়নি মোটেই। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে ফেরেন পার্থিক প্যাটেল। তবে অধিনায়ক রোহিত শর্মার হার না মানা ৫৬ রানে এক বল বাকি থাকতে জয় নিশ্চিত করে স্বাগতিক দল। রোহিতের ৩৭ বলের ইনিংসে ছিল ৬ চার ও এক ছক্কা।


