আইপিএল ছেড়ে গেছেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা

ক্রীড়া ডেস্ক : আইপিএলের লিগ পর্যায়ের খেলা এখনো শেষ হয়নি। প্রত্যেক দলের দুই-একটি করে ম্যাচ বাকি রয়েছে। এই অবস্থায় আইপিএল ছেড়ে গেছেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা। মূলত ইংল্যান্ডের বিপক্ষের সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা আইপিএল ছেড়ে গেছেন।

অবশ্য ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছিল তাদের খেলোয়াড়দের আরো কিছুদিন আইপিএলে খেলার সুযোগ দিতে। কিন্তু সেই অনুরোধ রাখতে পারেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

আইপিএলের দশম আসরে আটজন দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় খেলেছেন। তাদের মধ্যে ক্রিস মরিস ও কাগিসো রাবাদা দিল্লি ডেয়ারডেভিলস, হাশিম আমলা ও ডেভিড মিলার কিংস ইলেভেন পাঞ্জাব, ফাপ ডু-প্লেসিস ও ইমরান তাহির রাইজিং পুনে সুপারজায়ান্ট এবং এবি ডি ভিলিয়ার্স ও তাবরেজ শামসি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন।

এই আটজন খেলোয়াড়ের অবর্তমানে আইপিএলের চারটি দলকে বেশ বেগ পেতে হবে। বিশেষ করে রাইজিং পুনে সুপারজায়ান্ট। তারা ইমরান তাহিরের লেগ স্পিনের উপর নির্ভর করে বেশ এগিয়ে এসেছে। প্লে-অফে যাওয়ার ক্ষেত্রে ইমরান তাহির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইমরান তাহির আইপিএলে ১২ ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়েছেন। যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন। হাশিম আমলার অভাববোধ করবে কিংস ইলেভেন পাঞ্জাব। যিনি তৃতীয় কোনো খেলোয়াড় হিসেবে আইপিএলের এক মৌসুমে দুটি সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন। চলতি মৌসুমে আমলা ১০ ম্যাচে করেছেন ৪২০ রান। যার গড় ৬০।

আইপিএলের চলতি আসরের প্লে-অফে খেলার দৌড় থেকে ছিটকে যাওয়া দিল্লি ডেয়ারডেভিলস মিস করবে তাদের দুই দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় ক্রিস মরিস ও কাসিগো রাবাদাকে। তারা দুজনই বল হাতে যথাক্রমে ১২ ও ৬টি উইকেট নিয়েছেন।

আইপিএলের দশম আসরের প্লে-অফ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ক্রিকেটারদের ছাড়াই অনুষ্ঠিত হবে। অবশ্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা আইপিএলের প্লে-অফ খেলতে পারবেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকা ‘বি’ গ্রুপে রয়েছে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান। ৩ জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে প্রোটিয়ারা। তার আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে আমলারা।